জলবায়ু পরিবর্তন মোকাবিলায় হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ ও সচেতনতামূলক র্যালি
- আপডেট সময় : ০৮:৩০:১২ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬ ১২৫ বার পড়া হয়েছে

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরের হুলারহাট মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ জুন) দুপুর ২টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরাধীন লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন বিষয়ক সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বিদ্যালয় প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়ে তুলতে শিক্ষার্থীদের এখন থেকেই পরিবেশ সচেতন হতে হবে এবং বেশি করে গাছ লাগাতে হবে।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসুম বিল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসূচিতে শিক্ষক-শিক্ষিকা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়, যা বিদ্যালয়ের আশপাশের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেওয়া শিক্ষার্থীরা জলবায়ু সচেতনতা বিষয়ক বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানার প্রদর্শন করে।
আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য।
এ ধরনের উদ্যোগ পরিবেশ সংরক্ষণে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়ানোর পাশাপাশি একটি সবুজ ও টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।




















