আন্তর্জাতিক মাদকবিরোধী দিবসে সৈয়দপুরে জামায়াত যুব বিভাগের র্যালি
- আপডেট সময় : ০৩:৩১:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৫১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর যুব বিভাগের উদ্যোগে একটি বর্ণাঢ্য মাদকবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে র্যালিটি মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসাধারণের মাঝে বার্তা পৌঁছে দেয়।
র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুত্তাকিম। তিনি বলেন, “মাদকমুক্ত, সুন্দর ও আদর্শ সমাজ গড়তে হলে সমাজের সর্বস্তরে নৈতিকতার চর্চা নিশ্চিত করতে হবে। পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন এবং রাষ্ট্র—সবার সম্মিলিত প্রচেষ্টাতেই মাদকের ভয়াবহতা প্রতিরোধ করা সম্ভব।”
তিনি আরও বলেন, “মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনকে আরও জোরদার করতে সকল রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।”
এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা জামায়াতের মজলিসে শূরার সদস্য ও সৈয়দপুর পৌর আমির আলহাজ শরফুদ্দিন খান, উপজেলা সেক্রেটারি আলহাজ মাজহারুল ইসলাম, পৌর সেক্রেটারি মাওলানা ওয়াজেদ আলী, উপজেলা যুব বিভাগের সভাপতি রেজওয়ান হাসানসহ দলীয় নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে সর্বস্তরের মানুষের ঐক্যবদ্ধ অংশগ্রহণের আহ্বান জানান।


















