পিরোজপুরে যুবদলের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ১০:৫১:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৩৩ বার পড়া হয়েছে

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যেকোনো ধরনের রাজনৈতিক তৎপরতা ও ষড়যন্ত্রের প্রতিবাদে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা যুবদল।
সোমবার (২২ জুন) জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসানের নির্দেশনায় এবং সাবেক যুগ্ম আহ্বায়ক রিয়াজ শিকদারের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
মিছিলে জেলা যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডের বিরোধিতা এবং গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার পক্ষে অবস্থান ব্যক্ত করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মুক্তা শিকদার, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাহাত নূর পরাগ এবং জেলা যুবদলের সাবেক সদস্য সোহেল রানা। এছাড়া জেলা যুবদল ও এর অধীনস্থ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিলে অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ বিনষ্টের উদ্দেশ্যে কোনো ধরনের অপতৎপরতা চালানো হলে তা প্রতিহত করতে যুবদল রাজপথে সক্রিয় থাকবে। তারা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ‘স্বৈরাচারী শক্তির’ বিরুদ্ধে অবস্থান নেওয়ারও ঘোষণা দেন।
























