পিরোজপুরে মাদকের বিস্তার রোধে সামাজিক আন্দোলনের আহ্বান
- আপডেট সময় : ০১:১৮:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

পিরোজপুরে মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘পিরোজপুরে মাদকের বিস্তার—আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) সকালে পিরোজপুর সদর উপজেলা অডিটোরিয়ামে এ সভার আয়োজন করে পিরোজপুর প্রেসক্লাব। অনুষ্ঠানে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে ছিল জেলা পরিষদ, পিরোজপুর।
পিরোজপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. রেজাউল ইসলাম শামিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “মাদকের বিস্তার রোধে প্রশাসনের কঠোর পদক্ষেপের পাশাপাশি একটি শক্তিশালী সামাজিক আন্দোলন গড়ে তোলা অপরিহার্য। প্রতিটি পাড়া-মহল্লায় মাদকের বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি করতে হবে এবং মাদক সংশ্লিষ্টদের সামাজিকভাবে বয়কট করতে হবে।”
তিনি আরও বলেন, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের তালিকা প্রস্তুত করে তা প্রকাশ্যে টানিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে, যাতে সাধারণ মানুষ তাদের সম্পর্কে সচেতন হতে পারেন। পাশাপাশি পিরোজপুরে একটি মাদক নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা, জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ পান্না লাল রায়, জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত এবং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলুসহ অন্যান্যরা।
বক্তারা পিরোজপুরে মাদকের বর্তমান পরিস্থিতি, এর সামাজিক ও পারিবারিক ক্ষতিকর প্রভাব এবং যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষায় পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। মাদক নির্মূলে প্রশাসনিক তৎপরতার পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
আলোচনা সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা মাদকমুক্ত সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।




















