লোহাগাড়ায় অবৈধ বালু উত্তোলনে অভিযান, সরঞ্জাম ও বালু জব্দ
- আপডেট সময় : ১১:৫৬:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় অবৈধভাবে টিলা কেটে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু ও সরঞ্জাম জব্দ করেছে উপজেলা প্রশাসন। জেলা এনএসআইয়ের (ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স) তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে বালু উত্তোলনে ব্যবহৃত একটি ডিজেল ইঞ্জিন, প্রায় ৫০০ ফুট পাইপ এবং আনুমানিক ২৩ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়। পাশাপাশি ঘটনাস্থলে থাকা একটি স্যালু মেশিন বিকল করে দেওয়া হয়।
সোমবার (১৫ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার চুনতি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ফারঙ্গা এলাকার ডলুখাল সংলগ্ন টিলা এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
অভিযানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, লোহাগাড়া থানা পুলিশের সদস্য এবং জেলা এনএসআইয়ের প্রতিনিধিরা অংশ নেন। দীর্ঘ সময় ধরে পরিচালিত অভিযানে অবৈধ বালু উত্তোলনের বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন জানান, ডলুখাল তীরবর্তী এলাকায় একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে পরিবেশ বিধ্বংসী উপায়ে টিলা কেটে বালু উত্তোলন করে আসছিল। জেলা এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু ও সংশ্লিষ্ট সরঞ্জাম জব্দ করা হয়েছে।
তিনি বলেন, অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ সংরক্ষণ ও জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে টিলা কাটার কারণে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বর্ষা মৌসুমে ভূমিধসের ঝুঁকিও বেড়েছে। প্রশাসনের এ অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।
























