ফুলছড়ি-বাহাদুরাবাদ রুটে দ্বিতীয় যমুনা সেতুর দাবিতে স্মারকলিপি প্রদান
- আপডেট সময় : ০৫:৩২:২৬ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

যমুনা নদীর ওপর গাইবান্ধার ফুলছড়ি ও জামালপুরের বাহাদুরাবাদ ঘাটকে সংযুক্ত করে ‘দ্বিতীয় যমুনা বহুমুখী সেতু’ নির্মাণের দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুরে গাইবান্ধা জেলা প্রশাসকের মাধ্যমে এই স্মারকলিপি পেশ করা হয়।
‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘাট দ্বিতীয় যমুনা সেতু বাস্তবায়ন কেন্দ্রীয় কমিটি’র উদ্যোগে চরাঞ্চলের সর্বস্তরের মানুষের গণস্বাক্ষর সম্বলিত স্মারকলিপিটি হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে বলা হয়, যমুনা নদীর দুই চ্যানেলে পৃথক দুটি সেতু (বেগম খালেদা জিয়া সেতু ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেতু) নির্মাণ, মাঝখানের চরে আধুনিক রেলওয়ে স্টেশন স্থাপন, কৃষিভিত্তিক ইপিজেড গড়ে তোলা এবং চরাঞ্চলকে কেন্দ্র করে পর্যটন খাত উন্নয়নের প্রস্তাব রাখা হয়েছে।

স্মারকলিপি পেশ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে একটি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহমুদুন নবী টিটুল এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইঞ্জিনিয়ার হাফিজুর রহমান বাবু।
সমাবেশে বক্তারা বলেন, ঐতিহাসিক এই নদীপথে সেতু নির্মিত হলে উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থায় যুগান্তকারী পরিবর্তন আসবে। ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের সঙ্গে দূরত্ব ও সময় উল্লেখযোগ্যভাবে কমে যাবে, পাশাপাশি বঙ্গবন্ধু সেতুর ওপর চাপও হ্রাস পাবে। তারা দ্রুত এই প্রকল্প বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান।
সমাবেশে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও চরাঞ্চলের বিপুল সংখ্যক সাধারণ মানুষ।
























