রুমন হত্যার বিচার দাবিতে গাইবান্ধায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন
- আপডেট সময় : ১০:২৬:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থী ফাহমিদ রুমনকে পরিকল্পিতভাবে হত্যা এবং তার বড় ভাই রুহিদকে আহত করার ঘটনার প্রতিবাদে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১১ জুন) বেলা ১১টায় গাইবান্ধা সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে নিহত রুমনের সহপাঠী ও সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
পরে সেখানে মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা রুমন হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, একজন মেধাবী শিক্ষার্থীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যা পুরো শিক্ষাঙ্গনকে শোকাহত ও ক্ষুব্ধ করেছে। তারা বলেন, এ ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে শিক্ষার্থীরা আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
বক্তারা নিহত ফাহমিদ রুমনের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আহত রুহিদের দ্রুত সুস্থতা কামনা করেন। একইসঙ্গে তারা প্রশাসনের প্রতি অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে দ্রুত বিচার নিশ্চিত করার জোর দাবি জানান।
মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে গাইবান্ধা সরকারি কলেজের শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।























