মুদিদোকান থেকে ১০৮ বোতল রেকটিফাইড স্পিরিট জব্দ, গ্রেফতার ১
- আপডেট সময় : ০৯:১৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার একটি মুদিদোকানে অভিযান চালিয়ে ১০৮ বোতল রেকটিফাইড স্পিরিট (R/S) জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায় মো. শাহিন আহমেদ ওরফে সুমন (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর এলাকায় গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম এ অভিযান পরিচালনা করে। এ অভিযানে সার্বিক সহযোগিতা করেন থানা পুলিশ।
গ্রেফতারকৃত মো. শাহিন আহমেদ ওরফে সুমন উপজেলার ফরিদপুর ইউনিয়নের মীরপুর গ্রামের মৃত ওসমান গণির ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, মীরপুর বাজার এলাকায় একটি মুদিদোকানে অভিযান চালিয়ে কাঠের র্যাকের দ্বিতীয় তাক থেকে ১০৮ বোতল রেকটিফাইড স্পিরিট উদ্ধার করা হয়। প্রতিটি বোতলে ১০০ মিলিলিটার করে তরল থাকায় মোট পরিমাণ দাঁড়ায় ১০ দশমিক ৮ লিটার, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৪ হাজার টাকা।
অভিযানকালে মো. শাহিন আহমেদ ওরফে সুমনকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধভাবে মাদকদ্রব্য সংরক্ষণ ও রাখার বিষয়টি স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় বাদী হয়ে সাদুল্লাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করেন।
গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করে মামলা দায়েরের পর সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।’


















