সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে কারাদণ্ড
- আপডেট সময় : ০৯:০১:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২৬ ২৩ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে গাঁজা সেবনের দায়ে আতিকুর রহমান (৩৫) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের ভাটি তারাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করেন সুন্দরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিয়ান মুনসীফ।
জানা যায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ অভিযানে গাঁজা সেবনের অভিযোগে আতিকুর রহমানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে দোষ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, গাইবান্ধা জেলা কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
এছাড়া অভিযানের অংশ হিসেবে বামনডাঙ্গা ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। সংশ্লিষ্ট সূত্র জানায়, মাদকদ্রব্যের ব্যবহার ও বিক্রয় রোধে তথ্য সংগ্রহ ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গাইবান্ধা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় বলেন, ‘মাদকের অপব্যবহার ও বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক সেবন, বহন ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগের কার্যক্রম অব্যাহত থাকবে।’


















