লালমনিরহাটে ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ
- আপডেট সময় : ০৮:৫৮:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

লালমনিরহাটের মোগলহাট জিরো পয়েন্ট এলাকায় ধরলা নদীতে গোসল করতে নেমে দুই ভাই নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।
আজ রবিবার (৭ জুন) দুপুর আনুমানিক ২টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
ঘটনার পর বেশ কয়েক ঘণ্টা পার হয়ে গেলেও ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে না পৌঁছানোয় উদ্ধার কাজ শুরু করা সম্ভব হয়নি, যা নিয়ে স্থানীয় বাসিন্দা ও নিখোঁজদের পরিবারের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে
নিখোঁজ হওয়া দুই ভাই হলো, সাব্বির আহমেদ (১৬) এবং শাওন আহমেদ (১৪)। তারা লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের মেডিকেল মোড় এলাকার হেলাল উদ্দিনের পুত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, বড় ভাই সাব্বির আহমেদ স্থানীয় মোগলহাট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী এবং ছোট ভাই শাওন আহমেদ একই বিদ্যালয়ের অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছিল। দুই ভাইয়ের এমন আকস্মিক নিখোঁজের ঘটনায় পরিবার এবং সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, আজ রোববার দুপুরে তীব্র গরমের কারণে দুই ভাই বাড়ির পাশে মোগলহাট জিরো পয়েন্ট সংলগ্ন ধরলা নদীতে গোসল করতে যায়। নদীতে নামার পর কোনো এক পর্যায়ে স্রোতের টানে তারা গভীর পানিতে তলিয়ে যায় এবং নিখোঁজ হয়। তাদের সাথে থাকা অন্য কেউ বা নদীর পাড়ে থাকা লোকজন বিষয়টি টের পেয়ে চিৎকার করলে আশেপাশের মানুষ ছুটে আসে।
দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই স্থানীয় লোকজন নদীতে নেমে খোঁজখবর শুরু করে। তবে নদীর গভীরতা ও স্রোত বেশি থাকায় সাধারণ মানুষের পক্ষে উদ্ধার কাজ চালানো কঠিন হয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হলেও তারা ঘটনা স্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালিযে যাচ্ছেন তবে ৩ তিন ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও কোনো ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছায়নি।
স্থানীয়দের অভিযোগ ডুবুরী দল সময় মতো আসলে উদ্ধারের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। নিখোঁজ কিশোরদের স্বজনদের আহাজারিতে বর্তমানে ধরলা নদীর পাড়ের বাতাস ভারী হয়ে উঠেছে। তারা দ্রুততম সময়ের মধ্যে দক্ষ ডুবুরি দল পাঠিয়ে উদ্ধার অভিযান জোরদার করার জোর দাবি জানিয়েছেন।
শেষ খবর পাওয়া পর্যন্ত, স্থানীয় ইউনিয়ন পরিষদ ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন এবং স্থানীয় নৌকার সাহায্যে তল্লাশি চালানো হচ্ছে।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাদ আহমেদ ভোরের কাগজ সাংবাদিক কে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। পুলিশও উদ্ধার কাজে সহায়তা করছে।



















