দীর্ঘ ১৬ বছর পর জলঢাকা দলিল লেখক সমিতির নির্বাচন
- আপডেট সময় : ০৮:৪৩:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬ ৩৮ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৬ বছর পর নীলফামারীর জলঢাকা উপজেলা দলিল লেখক সমিতির বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।
সোমবার (১১ মে) আনন্দঘন পরিবেশে ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে সভাপতি পদে সাইদুল আলম, সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান মিঠু এবং সাংগঠনিক সম্পাদক পদে মোনাব্বেরুল হক বিজয়ী হন।
ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে সাইদুল আলম ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান মিঠু ৪২ ভোট এবং সাংগঠনিক সম্পাদক পদে মোনাব্বেরুল হক ৭৩ ভোট পেয়ে বিজয় লাভ করেন।
ফলাফল ঘোষণার পর সমিতির সদস্যদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে। সাধারণ সদস্যরা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সমিতি আরও শক্তিশালী, সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধ সংগঠনে পরিণত হবে। পাশাপাশি সদস্যদের পেশাগত মানোন্নয়ন ও অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখবে নতুন কমিটি।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত নেতৃবৃন্দ সকল ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা সমিতির সার্বিক উন্নয়ন ও দলিল লেখকদের পেশাগত মর্যাদা অক্ষুণ্ণ রাখতে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন জলঢাকার খণ্ডকালীন সাব-রেজিস্ট্রার সিরাজুল হক। এছাড়া আব্বাস আলী সরকারের নেতৃত্বে গঠিত নির্বাচন কমিশন স্বচ্ছতার সঙ্গে পুরো নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করে।

























