অবৈধভাবে মাটি কাটার দায়ে জরিমানা, ভেকু বিনষ্ট ও ট্রাক জব্দ
- আপডেট সময় : ০৭:০৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবৈধভাবে মাটি কাটা ও বিক্রি বন্ধে রাতভর অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। অভিযানে অর্থদণ্ড প্রদান, ভেকু মেশিন বিনষ্ট এবং অবৈধ ট্রাক জব্দ করা হয়েছে।
শনিবার (৯ মে) দিবাগত রাতে কালিহাতী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পটল এলাকার কদিম হামজানী এবং এলেঙ্গা পৌরসভার মহেলা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খায়রুল ইসলাম এবং কালিহাতী থানা পুলিশ।
অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তিন লাখ টাকা অর্থদণ্ড আরোপ ও আদায় করা হয়। একই সঙ্গে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত দুটি এক্সকেভেটর বা ভেকু মেশিন বিনষ্ট করা হয় এবং দুটি অবৈধ বালুবাহী ড্রাম ট্রাক রাষ্ট্রীয় হেফাজতে নেওয়া হয়।
এ বিষয়ে ইউএনও মো. খায়রুল ইসলাম বলেন, জনস্বার্থে অবৈধ মাটি কাটা ও পরিবেশ ধ্বংসকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

























