পিরোজপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে মিছিল, যুবলীগ কর্মী আটক
- আপডেট সময় : ০৫:০৭:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

পিরোজপুরে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে মিছিলের পর এক যুবলীগ কর্মীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে জেলা যুবদলের নেতাকর্মীরা।
আটক শামীম সিকদার (৩৮) পিরোজপুর পৌরসভার ব্রাহ্মণকাঠী এলাকার মৃত হান্নান সিকদারের ছেলে। তবে তার রাজনৈতিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
শুক্রবার (৮ মে) সকাল ৬টার দিকে শহরে মিছিল শেষে ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়। এর আগে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লিটন সিকদার সমর্থিত ৩০ থেকে ৩৫ জনের একটি দল যুবলীগের ব্যানারে শহরের প্রধান সড়কে মিছিল বের করে। এসময় তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রতিবাদে বিভিন্ন স্লোগান দেয়।
পরে খবর পেয়ে জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান তার অনুসারীদের নিয়ে মিছিলকারীদের ধাওয়া দিলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। এসময় শামীম সিকদারকে আটক করে পিরোজপুর সদর থানায় হস্তান্তর করা হয়।
জেলা যুবদলের আহ্বায়ক মারুফ হাসান অভিযোগ করেন, মিছিলকারীরা বর্তমান সরকার, বিএনপি এবং দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে আপত্তিকর স্লোগান দিচ্ছিল। পাশাপাশি তারা শহরে নাশকতার চেষ্টা চালায় বলেও দাবি করেন তিনি।

পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ হাসান বলেন, শামীম শিকদার নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

























