এলিফ্যান্ট রোডে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দোকান কর্মচারীর মৃত্যু
- আপডেট সময় : ০৭:৫৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

রাজধানীর এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকায় আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রনি তালুকদার (৩২) নামে এক দোকান কর্মচারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) বিকাল সাড়ে ৪টার দিকে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল এলাকার রাখী সুজ দোকানের পাশের একটি আমগাছে এ ঘটনা ঘটে।
সহকর্মীরা জানান, রনি তালুকদার রাখী সু স্টোর নামে একটি জুতার দোকানে কাজ করতেন। বিকালে দোকানের পাশের আমগাছ থেকে আম পাড়ার জন্য গাছে ওঠেন তিনি। এ সময় গাছের পাশ দিয়ে থাকা বাইরের ৪৪০ ভোল্ট বিদ্যুতের লাইনের তারের সঙ্গে অসাবধানতাবশত স্পর্শ লাগলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
পরে সহকর্মীরা দ্রুত তাকে গাছ থেকে নামিয়ে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে রনির সহকর্মী মো. রাজু জানান, আম পাড়ার সময় বিদ্যুতের তারের সঙ্গে স্পর্শ লাগলে রনি বিদ্যুতায়িত হন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মৃত রনি তালুকদারের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চান্দুপুর বাধপাড়া গ্রামে। বর্তমানে তিনি পরিবারের সঙ্গে রাজধানীর কামরাঙ্গীরচরের কুড়ারঘাট এলাকায় বসবাস করতেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি তদন্তের জন্য নিউমার্কেট থানাকে অবহিত করা হয়েছে।

















