নেত্রকোনায় শিশুর ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার, ৪ জন গ্রেপ্তার
- আপডেট সময় : ০৮:০৭:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পাঁচ বছর বয়সী এক শিশু কন্যার ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধারের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও সিধলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক মো. রুহুল আমিন।
গ্রেপ্তাররা হলেন প্রতিবেশী মো. মজিবুর (৪৫), শামসু (৫২), কাবিল (২২) ও হাবিল (১৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মে উপজেলার কৈলাটি ইউনিয়নের হুগলি জসিউরা গ্রামের একটি ধানক্ষেত থেকে পাঁচ বছর বয়সী শিশু জান্নাতুলের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ৪ মে বিকেলে সে খেলতে গিয়ে নিখোঁজ হয়।
পরিবারের পক্ষ থেকে অভিযোগের পর বুধবার (৬ মে) শিশুটির মা বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আসামি করে কলমাকান্দা থানায় হত্যা মামলা দায়ের করেন। ওই দিনই অভিযান চালিয়ে পুলিশ চারজনকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তারদের মধ্যে শামসু, কাবিল ও হাবিলকে বৃহস্পতিবার (৭ মে) আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম শোক ও ক্ষোভ বিরাজ করছে।

























