অনুপ্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে সতর্ক অবস্থায় বিজিবি
- আপডেট সময় : ০৭:৫৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে

ভারত থেকে অনুপ্রবেশ ঠেকাতে দিনাজপুরের হিলি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। বৃহস্পতিবার (৭ মে) সদর দফতর থেকে নির্দেশনা পাওয়ার পর সকাল থেকে সীমান্তে এ বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। নিয়মিত টহলের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
সংশ্লিষ্টরা জানান, সীমান্তে অবস্থিত সব বিওপি ও চেকপোস্টগুলোকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে। চেকপোস্টগুলোতে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। সেই সঙ্গে সিসি ক্যামেরার মাধ্যমে সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি করা হচ্ছে।
জয়পুরহাট ২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল লতিফুল বারী বলেন, ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ও ক্ষমতার পালাবদলকে ঘিরে উদ্ভূত পরিস্থিতিতে বিজিবি সদর দফতর থেকে নির্দেশনা পাওয়ার পর পুরো সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, সীমান্তে বিজিবি সদস্যদের টহল ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে এবং চেকপোস্টগুলোতে তল্লাশির ব্যবস্থা বাড়ানো হয়েছে। যাতে কোনোভাবেই ভারত থেকে কেউ অনুপ্রবেশ করতে না পারে সে লক্ষ্যে বিজিবি কাজ করছে।

























