কালীগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
- আপডেট সময় : ০১:০৫:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ভুট্টাখেতে কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মো. ইউসুফ আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৬ মে) দুপুরে উপজেলার ভোটমারী ইউনিয়ন-এর দক্ষিণ ভোটমারী এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত ইউসুফ আলী স্থানীয় আইয়ুব আলী মুন্সির ছেলে। তিনি তিন সন্তানের জনক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, তিস্তা নদীর চরাঞ্চলে অন্য শ্রমিকদের সঙ্গে ভুট্টা তোলার কাজ করছিলেন ইউসুফ আলী। দুপুরের দিকে হঠাৎ আকাশে কালো মেঘ জমে ঝড়-বৃষ্টি শুরু হলে তারা বাড়ির উদ্দেশ্যে রওনা দেন। এ সময় পথে বজ্রপাত হলে ইউসুফ গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ভোটমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফরহাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। তিনি নিহতের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন।

























