আধিপত্যের দ্বন্দ্বে রোহিঙ্গা ক্যাম্পে ফের খুন
- আপডেট সময় : ১০:৩৩:০৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় প্রতিপক্ষের গুলিতে মোহাম্মদ কামাল (৪০) নামে আরও এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (৬ মে) দুপুর আনুমানিক আড়াইটার দিকে উখিয়ার ক্যাম্প-৮ ইস্ট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত কামাল আরাকান রোহিঙ্গা আর্মি (এআরএ) বা নবী হোসেন গ্রুপের প্রধান নবী হোসেনের ছোট ভাই বলে জানা গেছে।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)-এর অধিনায়ক মোহাম্মদ আসাদুজ্জামান জানান, গুলিবিদ্ধ অবস্থায় কামালকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, ঘটনার পরপরই ক্যাম্প এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।
এর আগে, গত ৫ মে রাতে একই ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে হালিম গ্রুপের প্রধান আব্দুল হালিম নিহত হন। পরপর দুটি হত্যাকাণ্ডে ক্যাম্পে বসবাসরত সাধারণ রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

























