রাণীশংকৈলে বীর মুক্তিযোদ্ধা আজিজুল হককে রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায়
- আপডেট সময় : ০৭:০৭:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬ ৫০ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের গোগর গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আজিজুল হক আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি সোমবার (৪ মে) দুপুরে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মঙ্গলবার (৫ মে) সকাল ১০টায় উপজেলার গাংগুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার পূর্বে রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ খাতিজা বেগমের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন সম্পন্ন হয়। তাকে পারিবারিক শাহমুগদুম কবরস্থানে সমাহিত করা হয়।
জানাজা ও দাফন অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামসহ স্থানীয় মুক্তিযোদ্ধারা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিএনপির স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

























