সুন্দরগঞ্জে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার-২
- আপডেট সময় : ১০:৩৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১ মে ২০২৬ ৬০ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে মোটরসাইকেল চোরচক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (১ মে) সকালে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা মণ্ডলপাড়া গ্রামের মো. হবিবর রহমানের ছেলে ছামিউল হক এবং সীচা ব্যাপারীপাড়া গ্রামের মৃত খয়বর হোসেন ব্যাপারীর ছেলে মো. কালাম মিয়া।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দিবাগত রাতে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজার নেতৃত্বে চন্ডিপুর ইউনিয়নের সীচা ও পাঁচপীর এলাকায় অভিযান চালায় পুলিশ। অভিযানে একটি অ্যাপাচি আরটিআর, একটি বাজাজ ডিসকভার ১২৫ এবং একটি বাজাজ প্লাটিনা মোটরসাইকেলসহ মোট তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। একই সঙ্গে দুইজনকে গ্রেফতার করা হয়। পরে তাদের বিরুদ্ধে সুন্দরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।
কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সেলিম রেজা বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার ও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।’

















