রূপপুরে ২৮ এপ্রিল জ্বালানি লোডিং, আগস্টে গ্রিডে বিদ্যুৎ
- আপডেট সময় : ০১:৫৭:০৯ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র-এ আগামী ২৮ এপ্রিল থেকে জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে জুলাইয়ের শেষ দিকে বা আগস্টের শুরুতে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে।
বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালুর পথে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। এর আগে গত ১৬ এপ্রিল বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ প্রথম ইউনিটের জন্য কমিশনিং লাইসেন্স প্রদান করে, যার মাধ্যমে জ্বালানি লোডিংয়ের আনুষ্ঠানিক অনুমোদন মেলে।
কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহমুদুল হাসান বলেন, প্রাথমিক কিছু জটিলতা কাটিয়ে ওঠার পর পরিস্থিতি এখন অনুকূলে রয়েছে। ফলে নির্ধারিত সময়েই প্রথম ইউনিটে ফুয়েল লোডিং কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, বিদ্যুৎ উৎপাদন ধীরে ধীরে বাড়ানো হবে। ফিজিক্যাল স্টার্টআপের পর পূর্ণ সক্ষমতায় পৌঁছাতে প্রায় ৮ থেকে ১০ মাস সময় লাগতে পারে। প্রথম ইউনিটের উৎপাদন স্থিতিশীল হওয়ার পর দ্বিতীয় ইউনিটেও জ্বালানি লোডিংয়ের পরিকল্পনা রয়েছে।
পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদীর তীরে প্রায় ১২ দশমিক ৬৫ বিলিয়ন ডলার ব্যয়ে নির্মিত এই প্রকল্পে রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তা রয়েছে। দুটি ভিভিইআর-১২০০ রিয়্যাক্টরভিত্তিক এই কেন্দ্রের দুই ইউনিট পূর্ণ উৎপাদনে গেলে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে, যা দেশের মোট বিদ্যুৎ চাহিদার উল্লেখযোগ্য অংশ পূরণ করবে।
























