সাবেক সিইসির গলায় জুতার মালা পরা ছবিটা বেডরুমে টাঙিয়ে রাখুন
- আপডেট সময় : ০৬:৪৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ১৮ বার পড়া হয়েছে

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বর্তমান নির্বাচন কমিশন (ইসি)-কে তীব্র ভাষায় সমালোচনা করে তাদের ‘দলদাস’ বলে অভিহিত করেছেন এবং কমিশনের নিরপেক্ষতা ও ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন।
সংসদে সংরক্ষিত আসনে দলের দুই নারী প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাইয়ে বাতিল হওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
বুধবার (২২ এপ্রিল) বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া ওই পোস্টে সারজিস আলম লেখেন, বর্তমান নির্বাচন কমিশন যেন সাবেক প্রধান নির্বাচন কমিশনারের গলায় জুতার মালা পরা ছবিটি তাদের বেডরুমে টাঙিয়ে রাখে—এমন মন্তব্য করে তিনি কমিশনের ভূমিকার কঠোর সমালোচনা করেন।
তিনি আরও লেখেন, মনিরা শারমিন একজন সাবেক সরকারি কর্মকর্তা এবং নুসরাত তাবাসসুম নির্ধারিত সময়ের ১৯ মিনিট পর ফরম জমা দেওয়ায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে বলে জানা যায়।
পোস্টে তিনি অতীত নির্বাচনের অনিয়মের প্রসঙ্গ টেনে বলেন, বিভিন্ন উপনির্বাচনে দিনের বেলায় ভোট জালিয়াতি ও কেন্দ্র দখলের অভিযোগ উঠলেও নির্বাচন কমিশন তখন নীরব ছিল।
তিনি আরও অভিযোগ করেন, ব্যাংক লুটেরাদের নির্বাচন করার সুযোগ দেওয়া হয়েছে এবং তারা সংসদে প্রতিনিধিত্ব করছে—এমন পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তিনি।
























