চা বিক্রেতা নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ১০:৩১:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে

জামালপুর-এ চা বিক্রেতা এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ড ও একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ সময় প্রত্যেক আসামিকে দুই লাখ টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১-এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, জামালপুর পৌর শহরের খুপিবাড়ী বেলটিয়া এলাকার মৃত ছফির উদ্দিনের ছেলে বুলবুল আহমেদ (৪৫), পাথালিয়া নাওভাঙ্গার চর গ্রামের মৃত কবেজ উদ্দিনের ছেলে কালাম মাক্কু (৫০) এবং পাথালিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত দুখুর ছেলে রুকু (৫৫)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফজলুল হক জানান, ২০২৩ সালের ১৪ মে রাত ১০টার দিকে জামালপুর পৌর এলাকার শাহ জামাল মাজার-এর সামনে চা-পান বিক্রেতা ওই গৃহবধূকে বুলবুল আহমেদ, কালাম মাক্কু ও রুকু অপহরণ করে পৌর শহরের খুপিবাড়ী এলাকায় বুলবুলের বাড়িতে নিয়ে যায়। পরে তারা রুকুর সঙ্গে ওই গৃহবধূকে জোরপূর্বক বিয়ে দেওয়ার চেষ্টা করে।
ভুক্তভোগী এতে রাজি না হলে তিনজন মিলে তাকে ধর্ষণ করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়। ঘটনার পরদিন ভুক্তভোগী তার স্বামীকে বিষয়টি জানান। পরে তার স্বামী বাদী হয়ে জামালপুর সদর থানা-এ মামলা দায়ের করেন।
মামলা দায়েরের প্রায় দুই বছর পর ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত তিন আসামিকে দোষী সাব্যস্ত করে এ রায় প্রদান করেন। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মো. ফজলুল হক পিপি এবং আসামিপক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট এস এম কামরুল ইসলাম উল্লাস।
























