পদ্মার দুই কাতলা বিক্রি হলো ৯১ হাজার টাকায়
- আপডেট সময় : ০৫:৪২:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১২ বার পড়া হয়েছে

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাতে পদ্মা নদীতে ধরা পড়েছে বিশাল আকৃতির দুইটি কাতলা মাছ। সাড়ে ২৮ কেজি ও ১৮ কেজি ওজনের এই দুই মাছ উন্মুক্ত নিলামে মোট ৯১ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে দৌলতদিয়া মাছ বাজারের রজব আলী মন্ডল ও আনু খা’র আড়ত থেকে মাছ দুটি ক্রয় করেন সম্রাট শাহজাহান শেখ নামে এক মাছ ব্যবসায়ী।
জানা যায়, সাড়ে ২৮ কেজি ওজনের কাতলাটি কেজিপ্রতি ২ হাজার ২০০ টাকা দরে বিক্রি হয়, যার মোট মূল্য দাঁড়ায় ৬২ হাজার ৭০০ টাকা। অপরদিকে ১৮ কেজি ওজনের কাতলাটি কেজিপ্রতি ১ হাজার ৬০০ টাকা দরে বিক্রি হয় ২৮ হাজার ৮০০ টাকায়। দুইটি মাছ মিলিয়ে মোট বিক্রয়মূল্য ৯১ হাজার ৫০০ টাকা।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে জেলে এরশাদ হালদার ও জীবন হালদার পদ্মা ও যমুনা নদীর মোহনায় পৃথক স্থানে জাল ফেলে। পরদিন সকালে জাল তুলতেই দেখা যায়, দুটি বিশাল কাতলা মাছ ধরা পড়ে। পরে মাছ দুটি দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট মাছ বাজারে আনা হয় এবং ওজন করে নিলামে তোলা হয়।
ক্রেতা সম্রাট শাহজাহান শেখ জানান, তিনি উন্মুক্ত নিলামে মাছ দুটি কিনেছেন এবং এখন সামান্য লাভে দেশের বিভিন্ন স্থানে অনলাইনে বিক্রির চেষ্টা করছেন।
গোয়ালন্দ উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় বিভিন্ন প্রজাতির বড় মাছ ধরা পড়ছে। এটি এ অঞ্চলের জন্য একটি ভালো খবর, কারণ এখনো পদ্মায় বড় আকৃতির কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ পাওয়া যাচ্ছে।




















