নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন সংসদ সদস্য মাজেদুর রহমান
- আপডেট সময় : ০৬:০৪:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬ ১৭ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর অধ্যাপক মো. মাজেদুর রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) উপজেলার কাপাসিয়া, চন্ডিপুর ও শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন নদীভাঙনপ্রবণ এলাকা ঘুরে দেখেন তিনি। এ সময় স্থানীয় দলীয় নেতাকর্মী, পুলিশ সদস্য ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের বর্তমান দুর্ভোগের খোঁজখবর নেন। এ সময় তিনি স্থানীয়দের আশ্বস্ত করে বলেন, নদীভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেওয়া হবে।

সাংসদ মাজেদুর রহমান বলেন, নদীভাঙনের কারণে যেসব পরিবার ঘরবাড়ি ও জমিজমা হারিয়েছে, তাদের পুনর্বাসনে সরকার আন্তরিকভাবে কাজ করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনকে সমন্বয় করে দ্রুত ত্রাণ ও সহায়তা কার্যক্রম জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, নদীভাঙন প্রতিরোধে দীর্ঘমেয়াদি ও টেকসই পরিকল্পনা গ্রহণ ছাড়া এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এজন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।




















