ঢাবিতে আওয়ামীপন্থি চার শিক্ষককে স্থায়ী বহিষ্কারের প্রক্রিয়া শুরু
- আপডেট সময় : ০৭:৩০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ জানুয়ারী ২০২৬ ৪৭ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থি চার শিক্ষকের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারের প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পরিষদ সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধে কেন স্থায়ী বহিষ্কার কার্যকর করা হবে না, সে বিষয়ে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যেসব শিক্ষকের বিরুদ্ধে এ প্রক্রিয়া শুরু হয়েছে তারা হলেন—সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. জিনাত হুদা, অধ্যাপক আ ক ম জামাল উদ্দিন, অধ্যাপক ড. সাদেকা হালিম এবং অধ্যাপক ড. মশিউর রহমান।
সিন্ডিকেট সভার সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বলেন, সমাজবিজ্ঞান বিভাগের এই চার শিক্ষকের বিরুদ্ধে আনীত অভিযোগের ভিত্তিতে শোকজ নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাদের লিখিতভাবে ব্যাখ্যা দিতে বলা হবে কেন তাদের বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না।
তিনি আরও জানান, স্থায়ী বহিষ্কারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার সিন্ডিকেটের নয়, বরং বিশ্ববিদ্যালয় সিনেটের। তবে সিনেট এখনো পুনর্গঠিত না হওয়ায় বহিষ্কার সংক্রান্ত চূড়ান্ত সিদ্ধান্ত কার্যকর করতে কিছুটা সময় লাগতে পারে।

























