হাদি হত্যার বিচার দাবিতে নবাবগঞ্জে ইনকিলাব মঞ্চের বিক্ষোভ মিছিল
- আপডেট সময় : ০৬:৩২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ জানুয়ারী ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

ঢাকার নবাবগঞ্জে হাদি হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল করেছে দোহার ও নবাবগঞ্জ উপজেলার ইনকিলাব মঞ্চ।
সোমবার (৫ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র-জনতা জড়ো হয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, শরীফ ওসমান হাদী ছিলেন এ দেশের গণমানুষের পক্ষে সোচ্চার প্রতিবাদী কণ্ঠ। একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে তার কণ্ঠ স্তব্ধ করতে তাকে হত্যা করেছে। একজন সাধারণ নাগরিক হিসেবেও হাদীর ন্যায়বিচার পাওয়ার অধিকার রয়েছে। অবিলম্বে এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে।
সমাবেশ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি কায়কোবাদ চত্বরে গিয়ে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করে এবং হাদি হত্যার বিচার দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। পরে মিছিলটি বাগমারা কোর্ট বিল্ডিংয়ের সামনে গিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তব্য রাখেন শাকিল আহমেদ, মো. ইয়াহিয়া, মো. জামিল, মো. পিয়াল, ইসরাত জাহান রুমি, সুমাইয়া আফরিন, ইমন মৃধা, রানা আহমেদ, মো. আসিফসহ আরও অনেকে।

























