শেষ মুহূর্তের দুই গোলে কাতালান ডার্বিতে বার্সার জয়
- আপডেট সময় : ০৩:৪৩:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

কাতালান ডার্বিতে শেষ মুহূর্তের দুই গোলে এস্পানিওলকে ২–০ ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে লা লিগার শীর্ষে নিজেদের অবস্থান আরও শক্ত করেছে হান্সি ফ্লিকের দল।
ম্যাচের শেষ ভাগে দানি ওলমো ও রবার্ট লেওয়ানডস্কির গোলে জয় নিশ্চিত করে বার্সা। পুরো ম্যাচজুড়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গোলরক্ষক হোয়ান গার্সিয়া, যিনি একের পর এক সেভে এস্পানিওলের আক্রমণ ব্যর্থ করে দেন।
এই জয়ের ফলে ৪৯ পয়েন্ট নিয়ে লা লিগার শীর্ষে রয়েছে বার্সেলোনা। দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে তারা এগিয়ে সাত পয়েন্টে। রিয়াল মাদ্রিদ রোববার রিয়াল বেতিসের মুখোমুখি হবে। অন্যদিকে ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে এস্পানিওল।
শারীরিক লড়াই ও উত্তেজনায় ভরা ম্যাচে একাধিকবার এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেও গোল করতে পারেনি এস্পানিওল। উল্টো ম্যাচের ৮৬তম মিনিটে ফারমিন লোপেজের পাস থেকে বক্সের ভেতর নিখুঁত শটে গোল করেন দানি ওলমো।
এরপর যোগ করা সময়ে ডান দিক দিয়ে দুর্দান্ত দৌড়ে উঠে আবারও লোপেজ সুযোগ তৈরি করেন। তার সেটআপে ৯০তম মিনিটে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেওয়ানডস্কি। এতে আরসিডিই স্টেডিয়ামে উপস্থিত দর্শকদের স্তব্ধ করে দিয়ে ডার্বির জয় নিশ্চিত করে বার্সেলোনা।
পুরো ম্যাচে সাবেক ক্লাবের বিপক্ষে খেলেও চাপ সামলে ঠান্ডা মাথায় দায়িত্ব পালন করেন হোয়ান গার্সিয়া। তার দৃঢ় পারফরম্যান্সই শেষ পর্যন্ত বার্সেলোনার জয়ের বড় ভিত্তি হয়ে দাঁড়ায়।


























