মানবতাবিরোধী অপরাধ
জিয়াউল আহসানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ
- আপডেট সময় : ০৩:২৭:৫২ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬ ২৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সরকারের সময় শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আজ অনুষ্ঠিত হবে।
রোববার (৪ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১–এ এ বিষয়ে আদেশ দেওয়ার জন্য শুনানি ধার্য রয়েছে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল শুনানি গ্রহণ করবেন। প্যানেলের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
এর আগে, শতাধিক ব্যক্তিকে গুম করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জিয়াউল আহসানকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। একই সঙ্গে মামলার আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য ৪ জানুয়ারি দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।
গত ২৩ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ সংক্রান্ত আদেশ দেন। মামলাটিতে একমাত্র আসামি হিসেবে জিয়াউল আহসানের নাম উল্লেখ রয়েছে। ওই দিন তাকে কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।
এর আগে, ১৭ ডিসেম্বর প্রসিকিউশন জিয়াউল আহসানের বিরুদ্ধে শতাধিক মানুষকে গুম ও হত্যার ঘটনায় তিনটি অভিযোগ এনে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করে। পরে ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে ২১ ডিসেম্বর তাকে হাজিরের নির্দেশ দেন। সেই ধারাবাহিকতায় তাকে ট্রাইব্যুনালে উপস্থিত করা হয়।
আজকের শুনানিতে অভিযোগ গঠন বিষয়ে গুরুত্বপূর্ণ আদেশ আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
























