খালেদা জিয়ার মনোনয়নপত্র কার্যক্রম সমাপ্ত
- আপডেট সময় : ০৫:২৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬ ২০ বার পড়া হয়েছে

বগুড়া-৭ আসনে বিএনপি দলীয় প্রার্থী সাবেক প্রধানমন্ত্রী ও দলের মরহুমা চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্রের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে মনোনয়ন যাচাই-বাছাই শেষে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মৃত্যুজনিত কারণে খালেদা জিয়ার মনোনয়নপত্র নিয়ে আর কোনো কার্যক্রম চালানো সম্ভব নয়।
এ আসনে চার প্রার্থীর মধ্যে একজনের মনোনয়ন বাতিল হয়েছে। দলীয় স্বাক্ষরবিহীন মনোনয়নপত্রের কারণে বাংলাদেশ মুসলিম লীগের প্রার্থী আনছার আলীর মনোনয়ন বাতিল করা হয়। বৈধ প্রার্থী হিসেবে রেজিস্ট্রেশন পেয়েছেন বিএনপির মোরশেদ মিলটন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর গোলাম রব্বানী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের শফিকুল ইসলাম।
অপরদিকে, বগুড়া-৬ (সদর) আসনে মনোনয়ন যাচাই-বাছাই শেষে দুইজন প্রার্থীর মনোনয়ন বৈধ এবং তিনজনের বাতিল ঘোষণা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও আবিদুর রহমান সোহেলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। বাতিল প্রার্থীরা হলেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)-এর দিলরুবা নূরী, ইসলামী আন্দোলন বাংলাদেশের আবু নুমান মো. মামুনুর রশিদ এবং জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি)-এর আব্দুল্লাহ আল ওয়াকির।
























