শহীদ শরিফ ওসমান হাদীর কবর জিয়ারতে যাচ্ছেন তারেক রহমান
- আপডেট সময় : ০৬:২১:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫ ৩০ বার পড়া হয়েছে

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জুলাই গণঅভ্যুত্থানের আলোচিত ছাত্রনেতা ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদীর কবর জিয়ারত করতে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তিনি রাজধানীর গুলশানের বাসভবন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার উদ্দেশে যাত্রা শুরু করেন।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পৌঁছে তারেক রহমান শহীদ ওসমান হাদীর কবরের পাশে দাঁড়িয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এ সময় তিনি শহীদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করবেন। কবর জিয়ারতকালে তার সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতারাও উপস্থিত থাকবেন।
কবর জিয়ারত শেষে তারেক রহমান নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি নিজের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ভোটার হওয়ার আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করবেন।
এর আগে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, শনিবার নির্বাচন কমিশনে গিয়ে ভোটার নিবন্ধনের আবেদন করবেন তারেক রহমান। গত সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দীনের সঙ্গে বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এ তথ্য জানান।
সালাহউদ্দিন আহমদ বলেন, শনিবার নির্বাচন কমিশনের কার্যালয় খোলা থাকবে। ওইদিনই তারেক রহমানের ভোটার হওয়া, ভোটার আইডি সংগ্রহ এবং জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত সব কার্যক্রম সম্পন্ন করা হবে।
























