গোবিন্দগঞ্জে অনিয়মের অভিযোগে মডার্ন ক্লিনিক সিলগালা
- আপডেট সময় : ০৯:৩৭:৫২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬ ৪৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে মডার্ন ক্লিনিক ও কনসালটেশন সেন্টার সিলগালা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে গোবিন্দগঞ্জ হাসপাতাল মোড় এলাকায় অবস্থিত ক্লিনিকটিতে অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ পাওয়ার পর প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, বেসরকারি ওই ক্লিনিকটিতে নিয়মিত চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালিত হচ্ছিল। তবে প্রতিষ্ঠানটির লাইসেন্সের বৈধতা ও ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন অভিযোগ ছিল। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ক্লিনিকটিতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান ইসলাম। এ সময় তাঁর সঙ্গে ছিলেন গোবিন্দগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তামশীদ ইহরাম খান ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাসুদুর রহমান।
অভিযানকালে ক্লিনিকটির লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণসহ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে মডার্ন ক্লিনিক ও কনসালটেশন সেন্টারটি সিলগালা করে দেয়।

স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, কোনো বেসরকারি ক্লিনিক বা হাসপাতাল পরিচালনার ক্ষেত্রে বৈধ লাইসেন্সসহ নির্ধারিত সব শর্ত পূরণ করা বাধ্যতামূলক। রোগীদের নিরাপত্তা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে এসব বিষয় নিয়মিত তদারক করা হচ্ছে।
সিলগালার পর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মডার্ন ক্লিনিক ও কনসালটেশন সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকবে।
গাইবান্ধার সিভিল সার্জন ডা. রফিকুজ্জামান ইসলাম বলেন, ‘চিকিৎসাসেবা একটি স্পর্শকাতর বিষয়। এখানে নিয়মনীতি না মেনে কোনো প্রতিষ্ঠান পরিচালনার সুযোগ নেই। অভিযানে মডার্ন ক্লিনিকের বিভিন্ন অনিয়ম ধরা পড়ায় সেটি সিলগালা করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিয়মবহির্ভূতভাবে পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রোগীদের নিরাপত্তা ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’





















