ভাঙা সড়কে আটকে থাকা ভ্যান ঠেললেন এমপি, মুহূর্তেই ভাইরাল ভিডিও
- আপডেট সময় : ০৪:৫৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

ভাঙাচোরা কাঁচা সড়ক। মালবোঝাই একটি প্যাডেলচালিত ভ্যান এগোচ্ছে না। সর্বশক্তি দিয়ে ভ্যানটি ঠেলে সামনে নেওয়ার চেষ্টা করছেন চালক, কিন্তু ব্যর্থ হচ্ছেন বারবার। ঠিক সেই সময় পথ দিয়ে যাওয়ার সময় দৃশ্যটি চোখে পড়ে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর মো. মাজেদুর রহমানের। মোটরসাইকেল থামিয়ে তিনি এগিয়ে যান, নিজেই হাত লাগান ভ্যানে। কয়েক সেকেন্ডের সেই দৃশ্যই এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল।
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ১৭ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, এমপি মো. মাজেদুর রহমান ভাঙা ও কাদাময় সড়কে আটকে থাকা মালবোঝাই ভ্যানটি ঠেলে চালককে সহায়তা করছেন। তার সঙ্গে থাকা কয়েকজন নেতাকর্মীকেও এ সময় সহযোগিতা করতে দেখা যায়।
ভিডিওটি ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে শুরু হয় ব্যাপক আলোচনা। কেউ এটিকে একজন জনপ্রতিনিধির মানবিক আচরণ হিসেবে প্রশংসা করেছেন, আবার কেউ এটিকে সাময়িক সহানুভূতির বদলে স্থায়ী উন্নয়নের প্রয়োজনীয়তার সঙ্গে তুলনা করেছেন।
হাসান মাহমুদ নামে এক ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘স্যার, আপনার কাজে মুগ্ধ আমরা সাধারণ মানুষ। আপনার মতো একজন সাদামাটা জনপ্রতিনিধিই আমাদের প্রত্যাশা।’
ফরহাদ নামে আরেকজন মন্তব্য করেন, ‘ভালো কাজ। তবে রাস্তাগুলো ভালো করে দিতে পারলে মানুষ দীর্ঘমেয়াদে উপকৃত হবে।’
আলমগীর নামে এক নেটিজেন লিখেছেন, ‘মাশাআল্লাহ। সুন্দরগঞ্জে এমন এমপি বারবার দেখতে চাই। আল্লাহ তাকে নেক হায়াত দান করুন।’
অন্যদিকে তারিকুল ইসলাম নামে একজন লিখেছেন, ‘কিছু মনে করবেন না জনাব, এসব সস্তা রাজনৈতিক কৌশল। উন্নয়নমূলক কাজ দেখাতে পারলে তবেই মানুষ দ্বিতীয়বার সুযোগ দেবে।’
মাত্র ১৭ সেকেন্ডের একটি ভিডিও। কিন্তু সেই কয়েক সেকেন্ডেই উঠে এসেছে একজন জনপ্রতিনিধির আচরণ নিয়ে জনমতের দুই ভিন্ন চিত্র। কেউ দেখছেন মানবিকতার প্রতীক হিসেবে, আবার কেউ মনে করিয়ে দিচ্ছেন, এমন সহায়তার পাশাপাশি ভাঙা সড়কের স্থায়ী সমাধানই হতে পারে মানুষের প্রকৃত স্বস্তির পথ।
এ বিষয়ে জানতে চাইলে সংসদ সদস্য মো. মাজেদুর রহমান বলেন, ‘সেদিন ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বের হয়েছিলাম। আমার সঙ্গে দলের নেতাকর্মীরাও ছিলেন। রামজীবন ইউনিয়নের কইকাশদহ গ্রামে গিয়ে দেখি একটি মালবোঝাই প্যাডেলচালিত ভ্যান ভাঙা কাঁচা সড়কে আটকে আছে। চালক একা সেটি তুলতে পারছিলেন না। বিষয়টি দেখে মানবিক দায়িত্ববোধ থেকেই ভ্যানটি ঠেলে সহযোগিতা করেছি। এর বেশি কিছু নয়।’





















