মাদক ক্রয় করতে এসে জনতার হাতে আটক ২, পুলিশে সোপর্দ
- আপডেট সময় : ০৮:৩৬:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬ ৫৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুরে মাদক ক্রয় করতে এসে দুই মাদক ক্রেতাকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। তবে মাদক বিক্রেতাকে আটক করতে পারেনি তারা।
বৃহস্পতিবার (২৫ জুন) রাতে উপজেলার ধাপেরহাট ইউনিয়নের হাসানপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, ধাপেরহাট ইউনিয়নের বড় ছত্রগাছা গ্রামের রফিকুল ইসলামের ছেলে শামিম হাসান এবং একই গ্রামের হেলালের ছেলে শরিফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয়রা জানায়, হাসানপাড়া গ্রামের সাবেক ইউপি সদস্য জহুরুল ইসলামের বাড়িতে দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচা হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (২৫ জুন) রাতে দুই ব্যক্তি সেখানে মাদক কিনতে গেলে স্থানীয় জনতা তাদের গতিবিধি সন্দেহজনক মনে করে নজরদারি শুরু করে। একপর্যায়ে তাদেরকে মাদকসহ আটক করে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সোপর্দ করা হয়। জনতার উপস্থিতি টের পেয়ে মাদক বিক্রেতার স্ত্রী ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যান।
এ বিষয়ে ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান বলেন, ‘মাদক ক্রয়ের সময় দুইজনকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ব্যবস্থা গ্রহণ করা হবে।’



















