ভারতীয় ‘পুশইন’ বন্ধের দাবিতে ভোমরায় ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ
- আপডেট সময় : ০৮:১৯:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৩৭ বার পড়া হয়েছে

ভারতীয় সীমান্ত দিয়ে কথিত ‘পুশইন’ বন্ধ, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার দাবিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ সভা করেছে ১১ দলীয় জোট।
শুক্রবার (১২ জুন) বিকেলে ভারত সীমান্তসংলগ্ন ভোমরা স্থলবন্দর এলাকায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য মুহা. ইজ্জতুল্লাহ বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। সীমান্তে যে কোনো ধরনের অন্যায়, অবৈধ অনুপ্রবেশ কিংবা বাংলাদেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ড দেশের জনগণ মেনে নেবে না। সকলকে সঙ্গে নিয়ে ভারতের সব ধরনের আগ্রাসন ও অপতৎপরতা প্রতিরোধে দেশের জনগণ ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াবে।’
তিনি সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি কূটনৈতিকভাবে বিষয়টির সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
১১ দলীয় জোটের প্রধান ও জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. ওমর ফারুক, জেলা কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট আজিজুল ইসলাম, পৌর আমীর জাহিদুল ইসলাম, সদর উপজেলা আমীর মাওলানা মোশারফ হোসেন, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, দেবহাটা উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ ইমদাদুল হক, এনসিপির জেলা যুগ্ম সম্পাদকসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
সভাপতির বক্তব্যে উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল বলেন, ‘সীমান্ত এলাকায় বারবার পুশইন ও অনুপ্রবেশের অভিযোগ উদ্বেগজনক। দেশের নিরাপত্তা ও জনগণের স্বার্থে সীমান্ত ব্যবস্থাপনায় আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।’
বিক্ষোভ সমাবেশ শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।
























