গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ০৪:১১:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদী থেকে এক অজ্ঞাত (৫০) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাটাখালি-বালুয়া ব্রিজের নিচে করতোয়া নদীতে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাটাখালি-বালুয়া ব্রিজের নিচে করতোয়া নদীতে একটি মরদেহ ভাসতে দেখে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন। পরে বিষয়টি গোবিন্দগঞ্জ থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, মৃত ব্যক্তির বয়স প্রায় ৫০ বছর হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েশ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম ও তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে।
























