গাইবান্ধায় জলবায়ু পরিবর্তনের প্রভাবে কর্মহীন নারীদের কর্মসংস্থান সৃষ্টিতে প্রশিক্ষণ
- আপডেট সময় : ০৪:৩৯:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ১৫৬ বার পড়া হয়েছে

গাইবান্ধা সদর উপজেলার কামারজানী ইউনিয়নের জেলেপাড়ায় সামাজিক উন্নয়ন পদক্ষেপ (এসইউপি) কর্তৃক বাস্তবায়িত জলবায়ু পরিবর্তনের প্রভাবে কর্মহীন নারীদের কর্মসংস্থান সৃষ্টিবিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার এসইউপি বাস্তবায়িত সমাজভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস (সিবিডিআরআর) বার্ষিক কর্মপরিকল্পনার আওতায় বন্যাকবলিত জনগোষ্ঠীর জলবায়ু পরিবর্তনের প্রভাবে কর্মহীন হয়ে পড়া নারীদের আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং টেকসই জীবিকায়নের লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারীদের চাহিদাভিত্তিক কর্মসংস্থানের সম্ভাবনা, আত্মকর্মসংস্থান সৃষ্টি, পারিবারিক আয় বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বিকল্প জীবিকার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সামাজিক উন্নয়ন পদক্ষেপ (এসইউপি)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এম. সাদ্দাম হোসেন পবন। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক ও অনগ্রসর জনগোষ্ঠীর নারীরা। তাদের দক্ষতা উন্নয়ন ও বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা গেলে পরিবার ও সমাজ উভয়ই উপকৃত হবে।
প্রশিক্ষণ প্রদান করেন সিবিডিআরআর কার্যক্রমের প্রকল্প ব্যবস্থাপক মো. শাহিন মিয়া এবং ফিল্ড অর্গানাইজার মো. মুকুল মিয়া।
প্রশিক্ষণে গোঘাট জেলেপাড়ার বন্যায় ক্ষতিগ্রস্ত ও কর্মহীন ২৫ জন নারী অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারীদের জন্য সম্ভাবনাময় কর্মক্ষেত্র চিহ্নিত করে তাদের আত্মনির্ভরশীল করে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।






















