গাইবান্ধায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে লুট
- আপডেট সময় : ১১:০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বাড়িতে গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোটরসাইকেল ও ল্যাপটপসহ প্রায় ৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
সোমবার (৮ জুন) বিকেলে গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে, রোববার (৭ জুন) দিবাগত গভীর রাতে উপজেলার কোমরপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, একদল ডাকাত বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে। ঘরে ঢুকেই তারা অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে আলমারি ও শোকেস ভেঙে একটি পালসার মোটরসাইকেল, ল্যাপটপ, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়।
গৃহকর্ত্রী পারভিন বেগম বলেন, ‘আমরা সবাই ঘুমিয়ে ছিলাম। হঠাৎ ডাকাতেরা ঘরে ঢুকে অস্ত্রের ভয় দেখিয়ে আমাদের বেঁধে ফেলে। এরপর সব লুটে নিয়ে যায়।’
এ ঘটনায় শোয়েব রহমান বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি ডাকাতি মামলা দায়ের করেছেন।
গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চলছে।’



















