বার্ষিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি ও স্বেচ্ছাসেবকদের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা
- আপডেট সময় : ০২:১৭:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

গাইবান্ধায় সামাজিক উন্নয়ন পদক্ষেপ (এসইউপি)-এর উদ্যোগে বার্ষিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি, সক্ষমতা বৃদ্ধি এবং স্বেচ্ছাসেবকদের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ জুন) বিকেলে কামারজানী ইউনিয়ন পরিষদ হলরুমে এ কর্মশালা ও ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কামারজানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মতিয়ার রহমান। প্রধান বক্তা ছিলেন সামাজিক উন্নয়ন পদক্ষেপ (এসইউপি)-এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এম সাদ্দাম হোসেন পবন।
এছাড়াও বক্তব্য রাখেন কামারজানী মার্চেন্টস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুকুল ইসলাম, কামারজানী ইউডিসির উদ্যোক্তা মো. মাহবুবুর রহমান এবং সমাজসেবক মো. বকুল মিয়া।
বক্তারা সমাজভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় স্থানীয় স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। বিশেষ করে বন্যাপ্রবণ এলাকায় আগাম সতর্কতা বার্তা পৌঁছে দেওয়া, দুর্গত মানুষকে উদ্ধার, আশ্রয়কেন্দ্র পরিচালনা এবং নিরাপদ পানি, স্যানিটেশন ও খাদ্য সহায়তা নিশ্চিত করতে প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
কর্মশালায় জানানো হয়, সমাজভিত্তিক দুর্যোগ ঝুঁকি হ্রাস কার্যক্রমের আওতায় স্বেচ্ছাসেবকদের নিয়ে বন্যা পূর্বপ্রস্তুতি, জরুরি সাড়া প্রদান এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর সহায়তায় বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।
এছাড়া জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে সামাজিক পর্যায়ে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের গবেষণা কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যেও কর্মসূচি বাস্তবায়নের কথা জানানো হয়।
অনুষ্ঠানে স্থানীয় স্বেচ্ছাসেবক, শিক্ষার্থী, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

























