জনগণের রায়কে উপেক্ষা করেছে সরকার: মিয়া গোলাম পরোয়ার
- আপডেট সময় : ০৫:২৪:২৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৫৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় বসার পর জনগণের দেওয়া রায়কে উপেক্ষা করে ১৮০ ডিগ্রি উল্টো পথে হাঁটছে। তিনি দাবি করেন, সরকার গণভোটের রায়কে অস্বীকার করেছে, যা পৃথিবীর অন্য কোনো দেশে নজিরবিহীন ঘটনা। এই রাজনৈতিক অবস্থানই বর্তমানে দেশে সংকটের মূল কারণ হয়ে দাঁড়িয়েছে।
শনিবার (২৩ মে, ২০২৬) দুপুরে শহরের পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন পিরোজপুর কনভেনশন সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা শাখার উদ্যোগে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মিয়া গোলাম পরোয়ার উল্লেখ করেন যে, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী তারা চারটি প্রশ্নে জনগণের মতামত নিয়েছিলেন এবং যেখানে কোনো ‘নোট অফ ডিসেন্ট’ ছিল না, সেখানে সরকার ৮৪টি সংস্কার প্রস্তাব মেনে নেওয়ার কথা দিয়েছিল। কিন্তু পরবর্তীতে সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসে সেগুলোকে ‘বেআইনি’ আখ্যায়িত করছে।
তিনি বলেন, জনগণের রায়কে উপেক্ষা করে দলীয়করণ ও স্বৈরাচারী মনোভাবের দিকে ঝুঁকে পড়ায় দেশে রাজনৈতিক সংকট তৈরি হয়েছে।
সরকার জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা না দেখালেও জামায়াতে ইসলামী দেশের শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অঙ্গীকারবদ্ধ। তিনি সব ভালো কাজে সহযোগিতার এবং অন্যায়ের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন।
পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, ঢাকা মহানগরের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য মাওলানা এ কে এম ফখরুদ্দিন খান রাযী।

























