চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ১০
- আপডেট সময় : ০২:৫৪:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দুর্ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।
শনিবার (৯ মে) বেলা ১১টার দিকে চুনতি ইউনিয়নের হাইওয়ে রেস্টুরেন্ট ফোর সিজনের সামনে দুটি যাত্রীবাহী মারসা গাড়ির মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। সংঘর্ষের তীব্রতায় গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই কয়েকজন যাত্রীর মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুতগতিতে চলাচলের সময় একটি মারসা নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা আরেকটি মারসা গাড়ির সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে ঘটনাস্থল রক্তাক্ত হয়ে পড়ে এবং চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের কর্মীরা এবং স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন। আহতদের উদ্ধার করে আশপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুতর আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কেউ কেউ পরে মারা গেলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।
দুর্ঘটনার পর মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পুলিশ ও উদ্ধারকারী দল দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ঘটনার পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।




















