নওগাঁয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর উদ্বোধন
- আপডেট সময় : ০৫:১৯:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে

নওগাঁর আত্রাই উপজেলার পতিসরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকীর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৮ মে) সকালে রবীন্দ্র কাচারি বাড়ির দেবেন্দ্র মঞ্চে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এমপি।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং জেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচির শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম।
জন্মবার্ষিকী উপলক্ষে পতিসর রবীন্দ্র কাচারি বাড়িতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। পরে দেবেন্দ্র মঞ্চে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে আলোচক হিসেবে বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মো. হারুন অর রশীদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম বজলুর রশীদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি, সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম এমপি, হুইপ অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এমপি, নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম রেজু, নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য মো. এনামুল হক, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল, নওগাঁ-৪ আসনের সংসদ সদস্য ইকরামুল বারী টিপু, সাবেক রাষ্ট্রদূত এম মুশফিকুল ফজল (আনসারী), উপ-মহাপুলিশ পরিদর্শক মোহাম্মদ শাহজাহান, সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মোহা. হারুন অর রশীদ, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক আবু বক্কর সিদ্দিক নান্নু।
এছাড়া অনুষ্ঠানে জেলার বিভিন্ন এলাকার লোকজ সংস্কৃতিকর্মী ও স্থানীয় রবীন্দ্র গবেষকরা অংশ নেন।
সরকারিভাবে দিনব্যাপী আয়োজন হলেও স্থানীয়ভাবে আরও কয়েকদিন উৎসব চলবে বলে জানা গেছে। এসময় পতিসর কাচারি বাড়িতে কবিগুরুর ভক্তদের পদচারণায় মিলনমেলার পরিবেশ সৃষ্টি হয়। জন্মবার্ষিকী উপলক্ষে সেখানে গ্রামীণ মেলারও আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, নওগাঁর আত্রাই উপজেলার নাগর নদীর তীরে অবস্থিত পতিসর কাচারি বাড়িতে কবিগুরু প্রথম আসেন ১৮৯১ সালের ১৫ জানুয়ারি। এরপর ১৯৩৭ সাল পর্যন্ত তিনি নিয়মিত বজরায় করে সেখানে যাতায়াত করতেন। এখানেই তিনি বহু কবিতা, গল্প, প্রবন্ধ ও উপন্যাস রচনা করেন। তাঁর বিখ্যাত কবিতা ‘আমাদের ছোট নদী’, ‘তালগাছ এক পায়ে দাঁড়িয়ে’, ‘দুই বিঘা জমি’ এবং উপন্যাস ‘গোরা’র অংশবিশেষও পতিসরে রচিত হয়েছিল বলে জানা যায়।
অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন গোলাম সাকলাইন ও সিঁথি সাহা।

























