শাহজাদপুর কাছারি বাড়িতে রবীন্দ্র উৎসব শুরু
- আপডেট সময় : ১২:০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

রবীন্দ্রনাথ ঠাকুর–এর ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়ি প্রাঙ্গণে শুরু হয়েছে তিনদিনব্যাপী রবীন্দ্র উৎসব। শুক্রবার (৮ মে) থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে আগামী ১০ মে পর্যন্ত।
কবিগুরুর জন্মবার্ষিকীকে ঘিরে কাছারি বাড়ি প্রাঙ্গণে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত রবীন্দ্রপ্রেমী, সাহিত্য অনুরাগী ও সংস্কৃতিকর্মীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে কবির স্মৃতিবিজড়িত এ ঐতিহাসিক স্থান।
শাহজাদপুরের এই কাছারি বাড়িতে অবস্থানকালেই কবি রচনা করেছিলেন তার বহু কালজয়ী সাহিত্যকর্ম। এর মধ্যে রয়েছে ‘সোনার তরী’, ‘চৈতালী’, ‘কল্পনা’, ‘পোস্টমাস্টার’, ‘রাম কানাইয়ের নির্বুদ্ধিতা’, ‘ব্যবধান’, ‘তারা প্রসন্নের কীর্তি’, ‘ছুটি’, ‘সমাপ্তি’, ‘ক্ষুধিত পাষাণ’, ‘অতিথি’ প্রভৃতি উল্লেখযোগ্য সৃষ্টি। এছাড়া এখানেই রচিত হয়েছে তার বিখ্যাত ‘ছিন্নপত্রাবলী’–এর বহু অংশ। শুধু সাহিত্য রচনাই নয়, কবির উদ্যোগে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতি ও শিক্ষার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এই কাছারি বাড়ি।
প্রতিবছরের মতো এবারও কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। উৎসবকে কেন্দ্র করে এলাকায় তৈরি হয়েছে আনন্দঘন পরিবেশ।
উৎসব উপলক্ষে তিনদিনব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে থাকছে রবীন্দ্রসংগীত, নৃত্য, আবৃত্তি, গীতিনাট্যসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা। ইতোমধ্যে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা অনুষ্ঠান পরিবেশনের জন্য প্রস্তুতি নিচ্ছেন।
রবীন্দ্র কাছারি বাড়ির কাস্টডিয়ান শাউলি তালুকদার জানান, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনদিনের উৎসব সফল করতে নানা প্রস্তুতি নেওয়া হয়েছে। অডিটোরিয়াম ও মিউজিয়ামের সংস্কার কাজ সম্পন্ন করা হয়েছে এবং পুরো প্রাঙ্গণ সাজানো হয়েছে উৎসবের আবহে।
শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন বলেন, জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ৮, ৯ ও ১০ মে—বাংলা ২৫, ২৬ ও ২৭ বৈশাখ—এই তিনদিন নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপন করা হবে। এ উপলক্ষে আয়োজন করা হয়েছে রবীন্দ্র মেলাও। দেশ-বিদেশ থেকে আসা রবীন্দ্র অনুরাগীদের কথা বিবেচনায় রেখে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।

























