২৩ দিন পর উৎপাদনে ফিরল ইস্টার্ন রিফাইনারি
- আপডেট সময় : ০৯:৩২:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৪৩ বার পড়া হয়েছে

২৩ দিন বন্ধ থাকার পর অবশেষে রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার চট্টগ্রামের ইস্টার্ন রিফাইনারিতে উৎপাদন শুরু হয়েছে। গত ১৪ এপ্রিল ক্রুড অয়েল সংকটের কারণে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে যায়।
শুক্রবার (৮ মে) সকালে সৌদি আরব থেকে আনা ক্রুড অয়েল দিয়ে রিফাইনারিটি পুনরায় চালু করা হয়। ভোর ৫টা থেকেই ফায়ার্ড হিটার দিয়ে প্রসেসিং শুরু হলেও এক ঘণ্টা পর থেকে পুরোদমে ক্রুড পরিশোধন কার্যক্রম শুরু হয়। উত্তপ্ত ক্রুড অয়েল থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল নির্ধারিত ট্যাংক ফার্মের স্টোরেজে পাঠানো হচ্ছে। একই সঙ্গে শোধনাগারের পাশের জেটিতে থাকা লাইটারেজ জাহাজ থেকেও ক্রুড অয়েল খালাস চলছে।
মেঘনা পেট্রোলিয়ামের সাবেক মহাব্যবস্থাপক আকতার কামাল বলেন, ক্রুড অয়েল রিফাইনারিতে এসেছে এবং ভোর থেকেই এর প্রসেসিং শুরু হয়েছে। দ্রুত প্রক্রিয়া শেষ করে এসব জ্বালানি তিনটি তেল কোম্পানির কাছে সরবরাহ করা হবে।
মূলত মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে পর্যাপ্ত ক্রুড অয়েল না থাকায় গত ১৪ এপ্রিল ইস্টার্ন রিফাইনারির কার্যক্রম আংশিকভাবে বন্ধ হয়ে যায়। পরে সৌদি আরবের ইয়ানবু বন্দর থেকে আনা ক্রুড অয়েলবাহী জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছায়, যা দিয়ে পুনরায় উৎপাদন শুরু করা সম্ভব হয়।
বাংলাদেশ শিপিং করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বলেন, আরেকটি এক লাখ টনের কার্গো সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা পোর্ট থেকে আনা হবে, যা গালফ অঞ্চলের বাইরের হওয়ায় যুদ্ধ পরিস্থিতির প্রভাব এতে পড়বে না।
সংশ্লিষ্টরা জানান, শোধনাগারটির দুটি ইউনিটে প্রতিদিন প্রায় ৪ হাজার মেট্রিক টন জ্বালানি উৎপাদনের সক্ষমতা রয়েছে। পূর্ণ সক্ষমতায় চালু থাকলে এক লাখ মেট্রিক টন ক্রুড অয়েল থেকে উল্লেখযোগ্য পরিমাণ ডিজেল, পেট্রোল, কেরোসিন ও অকটেন উৎপাদন করা যায়।
বর্তমানে ইস্টার্ন রিফাইনারিতে ২ লাখ ২৫ হাজার মেট্রিক টন ক্রুড অয়েল এবং দেড় লাখ মেট্রিক টনের বেশি পরিশোধিত জ্বালানি মজুত রাখার সক্ষমতা রয়েছে।

















