লোহাগাড়ায় বিএসটিআই অনুমোদন ছাড়া পানি উৎপাদন: প্রতিষ্ঠান বন্ধ, জরিমানা ২০ হাজার টাকা
- আপডেট সময় : ০৮:০৯:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬ ৪২ বার পড়া হয়েছে

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বিএসটিআই অনুমোদন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে পানি বিশুদ্ধকরণ ও বাজারজাত করার অভিযোগে একটি ড্রিংকিং ওয়াটার প্লান্টে অভিযান চালিয়ে জরিমানা করা হয়েছে এবং প্রতিষ্ঠানটি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৭ মে) দুপুর ২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), চট্টগ্রাম কার্যালয়ের তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন লোহাগাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন।
অভিযানে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের পূর্ব সওদাগর পাড়ায় অবস্থিত দারুল উলুম মোহাম্মাদিয়া নুরানি মাদ্রাসার তিনটি কক্ষে পরিচালিত ‘লোহাগাড়া ড্রিংকিং ওয়াটার’ নামের একটি ওয়াটার প্লান্টে অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি বিএসটিআই সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে অবৈধভাবে ও অস্বাস্থ্যকর পরিবেশে পানি উৎপাদন ও বাজারজাত করে আসছিল বলে জানা গেছে।
এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির সেলসম্যান মো. রিদুয়ানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উপজেলা প্রশাসন প্লান্টটি তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেয়।
গোপন সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন সরকারি অফিস, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান, কমিউনিটি সেন্টার, হোটেল ও রেস্টুরেন্টে জারের মাধ্যমে এই পানি সরবরাহ করে আসছিল।
অভিযানকালে উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর মোহাম্মদ শের আলীসহ এনএসআই ও আনসার বাহিনীর সদস্যরা।

























