মেহেরপুরে অস্ত্র ও গুলিসহ যুবলীগ নেতা গ্রেফতার
- আপডেট সময় : ০৪:২৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে

মেহেরপুরের মুজিবনগরে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল হক মিঠুকে (৪১) বিদেশি অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে যৌথ বাহিনী।
শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও র্যাব-১২ এর একটি যৌথ দল মুজিবনগর উপজেলার মহাজনপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে আটক করে।
গ্রেফতারকৃত আরিফুল হক মিঠু মহাজনপুর গ্রামের রেজাউল হকের ছেলে এবং মুজিবনগর উপজেলার মহাজনপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।
যৌথ বাহিনী ও স্থানীয় সূত্র জানায়, অভিযানের সময় তার কাছ থেকে একটি ৭.৬৫ এমএম পিস্তল (মেড ইন ইউএসএ), একটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এছাড়া তার বিরুদ্ধে চাঁদাবাজি, ধর্ষণ, বিস্ফোরক সংক্রান্ত অপরাধসহ বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার গ্রেফতারের দাবিতে ২০২৩ সালে এলাকাবাসী সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিও পালন করে।
মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আরিফুল হক মিঠুর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে মেহেরপুর আদালতে পাঠানো হবে।


















