গাইবান্ধায় নির্মাণাধীন ভবন থেকে ৩ ককটেল ও ৩ পেট্রলবোমা উদ্ধার
- আপডেট সময় : ০৪:১৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬ ২৪ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুরে নির্মাণাধীন একটি ভবন থেকে তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
শনিবার (২১ নভেম্বর) বিকেলে এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে, ভোরের দিকে উপজেলার ধাপেরহাটে রংপুর-ঢাকা মহাসড়কের পূর্ব পাশে জিসান ফিলিং স্টেশন ও একটি ইটভাটার সংলগ্ন নির্মাণাধীন ভবন থেকে এসব বিস্ফোরক উদ্ধার করা হয়।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর ৩টার দিকে এসআরবি-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল সেখানে অভিযান চালায়। পরে বাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল ঘটনাস্থলে গিয়ে তিনটি ককটেল ও তিনটি পেট্রলবোমা উদ্ধার করে। উদ্ধার করা বিস্ফোরকগুলো সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সাদুল্লাপুর থানায় জমা দেওয়া হয়েছে।
এসআরবি-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, নাশকতা এবং দাঙ্গা-হাঙ্গামার মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা দমনে জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।’


















