বন্যায় আশ্রয়ের নতুন ঠিকানা ‘খুদি বাড়ি’
- আপডেট সময় : ০৬:০৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬ ১৯ বার পড়া হয়েছে

ব্রহ্মপুত্রের পানি বাড়লেই চারদিকে থইথই পানি। বসতঘর তলিয়ে যায়, বাড়ির উঠান ডুবে যায়, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে গ্রামের সঙ্গে মূল ভূখণ্ডের। তখন শিশু, বৃদ্ধ ও পরিবারের সদস্যদের নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে হয় চরাঞ্চলের মানুষকে। কারও আশ্রয় মেলে উঁচু কোনো স্থানে, আবার কাউকে থাকতে হয় কলার ভেলা কিংবা নৌকায়। বন্যার পানিতে ভেসে যাওয়ার আশঙ্কা থাকে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র, মূল্যবান কাগজপত্র ও জমির দলিলেরও।
গাইবান্ধার দুর্গম চরাঞ্চলের এমন বাস্তবতায় বন্যার সময় নিরাপদ আশ্রয়ের নতুন সম্ভাবনা তৈরি করেছে ‘খুদি বাড়ি’। স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের উদ্যোগে গাইবান্ধা সদর উপজেলার বিচ্ছিন্ন চরাঞ্চল সিধাই গ্রামে নির্মাণ করা হয়েছে এ বাড়ি। পাঁচ দিনের প্রচেষ্টায় বাঁশ ও ইস্পাতের কাঠামোয় তৈরি বাড়িটির নির্মাণকাজ গত বৃহস্পতিবার শেষ হয়। ওই দিনই এটি স্থানীয় মানুষের কাছে হস্তান্তর করা হয়েছে। বাড়িটি নির্মাণে আর্থিক সহায়তা দিয়েছে উন্নয়ন সংগঠন অ্যাকশনএইড বাংলাদেশ।
উদ্যোক্তাদের প্রত্যাশা, বন্যার সময় সাত থেকে আটজন মানুষ একসঙ্গে এ বাড়িতে আশ্রয় নিতে পারবেন। একই সঙ্গে গুরুত্বপূর্ণ কাগজপত্র, প্রয়োজনীয় জিনিসপত্র ও মূল্যবান সামগ্রী নিরাপদে রাখার সুযোগ তৈরি হবে। ফলে দুর্যোগের সময় চরাঞ্চলের মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমবে।
*যেভাবে বাস্তবায়ন হলো উদ্যোগ*
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং দুর্যোগসহনশীল জনপদ গড়ে তোলার লক্ষ্য নিয়ে অ্যাকশনএইড বাংলাদেশের ‘যুব নেতৃত্বে জলবায়ু অভিযোজন’ উদ্যোগে জাতীয় পর্যায়ের যুব সহযোগী সংগঠন হিসেবে নির্বাচিত হয় সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশন। সারা দেশ থেকে জমা পড়া ১৪৭টি আবেদনের মধ্যে চূড়ান্তভাবে নির্বাচিত হয়ে সংগঠনটি পায় ১ লাখ ৩০ হাজার টাকা অনুদান। এর সঙ্গে সংগঠনের নিজস্ব তহবিল থেকে আরও ২০ হাজার টাকা যোগ করা হয়। সব মিলিয়ে ১ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে সিধাই গ্রামে নির্মাণ করা হয় ‘খুদি বাড়ি’।
বাংলাদেশের খ্যাতিমান স্থপতি মেরিনা তাবাশ্যুমের নকশা করা ‘খুদি বাড়ি’র নির্মাণকৌশল শিখে সংগঠনটির তরুণ সদস্যরা নিজেরাই কাজে অংশ নেন। স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় বাঁশ ও ইস্পাতের কাঠামো ব্যবহার করে পাঁচ দিনের মধ্যে বাড়িটির নির্মাণকাজ সম্পন্ন করেন তাঁরা। এ কাজে কারিগরি সহযোগিতা দিয়েছে ফেস বাংলাদেশ।
বাড়িটির দৈর্ঘ্য ১০ ফুট, প্রস্থ ১০ ফুট এবং উচ্চতা প্রায় ১৩ ফুট। নির্মাণের জন্য জায়গা দিয়েছেন সিধাই গ্রামের বাসিন্দা সাজেদা বেগম (৪৫)। তাঁর দেওয়া জায়গাতেই স্থানীয় মানুষের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠেছে বন্যাকালীন আশ্রয়ের এ উদ্যোগ।

*বন্যায় যে বাস্তবতা বদলাতে পারে*
উদ্যোক্তারা জানান, সিধাই গ্রামটি গাইবান্ধা জেলার অংশ হলেও মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন। ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি পেলেই গ্রামটিতে বন্যার প্রভাব পড়ে। বর্ষা মৌসুমে গ্রামসহ আশপাশের বিস্তীর্ণ এলাকা কোমরসমান পানিতে তলিয়ে যায়। তখন স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি নিরাপদ আশ্রয়, খাবার, প্রয়োজনীয় জিনিসপত্র ও যোগাযোগ নিয়ে সংকটে পড়েন বাসিন্দারা।
বিশেষ করে শিশু ও বৃদ্ধদের নিয়ে বিপাকে পড়েন পরিবারের সদস্যরা। ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র, জাতীয় পরিচয়পত্র, জমির দলিলসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদে রাখাও কঠিন হয়ে পড়ে। আশপাশে উঁচু জায়গা না থাকলে অনেকে কলার ভেলা কিংবা নৌকায় আশ্রয় নিতে বাধ্য হন।
এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে শুধু একটি ঘর নির্মাণ নয়, বরং বন্যার সময় স্থানীয় মানুষের সম্মিলিত আশ্রয়ের ব্যবস্থা তৈরির চিন্তা থেকেই ‘খুদি বাড়ি’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। উদ্যোক্তাদের মতে, এ ধরনের বাড়ি চরাঞ্চলের মানুষের দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে।
জায়গা দানকারী সাজেদা বেগম বলেন, ‘বন্যার সময় গ্রামের মানুষ যেন নিরাপদ জায়গা হিসেবে ঘরটি ব্যবহার করতে পারে, সে জন্য জায়গা দিয়েছি। মানুষের উপকারে আসবে এমন একটি উদ্যোগের সঙ্গে থাকতে পেরে ভালো লাগছে।’
সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. মেহেদী হাসান বলেন, ‘চরাঞ্চলের মানুষের বাস্তবতা বিবেচনায় নিয়ে এ ধরনের ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে ব্যয় হয়েছে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা। বন্যার সময় এ ঘরে সাত থেকে আটজন মানুষ থাকতে পারবেন। মেরিনা তাবাশ্যুমের নকশা করা খুদি বাড়ির আদলে ঘর নির্মাণে তাঁর প্রতিষ্ঠান ফেস বাংলাদেশের কর্তৃপক্ষের অনুমতি নেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি সহযোগিতা পেলে ভবিষ্যতে চরাঞ্চলে এ ধরনের আরও ঘর নির্মাণ করা সম্ভব হবে।’

*নিরাপদ আশ্রয় নিয়ে আশাবাদী স্থানীয়রা*
সিধাই গ্রামের বাসিন্দা মনিরুল ইসলাম বলেন, ‘বন্যা হলে ঘরবাড়ি ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। কোথায় আশ্রয় নেব, কীভাবে জিনিসপত্র রক্ষা করব এসব নিয়ে চিন্তায় থাকতে হয়। এ ধরনের একটি ঘর থাকলে বন্যার সময় আমাদের অনেক কাজে আসবে।’
একই গ্রামের শামিম হোসেন বলেন, ‘বন্যার সময় আমাদের গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদে রাখা কঠিন হয়ে পড়ে। এ রকম ঘরে প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করে নিরাপদে রাখা যাবে। এতে আমাদের অনেকটা চিন্তা কমবে।’
গ্রামের আরেক বাসিন্দা রিনা বেগম বলেন, ‘আগে বন্যার সময় আমাদের কলাগাছের ভেলা বা উঁচু জায়গায় থাকতে হতো। এ রকম বাড়ি থাকলে বন্যার সময় আমাদের অনেক উপকার হবে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা প্রয়োজনের সময় এখানে আশ্রয় নিতে পারবেন।’
*নকশায় দুর্যোগ মোকাবিলার ভাবনা*
স্থপতি মেরিনা তাবাশ্যুমের নকশা করা ‘খুদি বাড়ি’ মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত ও বাস্তুচ্যুত মানুষের জন্য তৈরি একটি সাশ্রয়ী আবাসন ধারণা। সহজে খোলা, জোড়া লাগানো এবং দ্রুত স্থাপন করা যায় এমন বৈশিষ্ট্যকে গুরুত্ব দিয়ে বাড়িটির নকশা করা হয়েছে। বাঁশ ও ইস্পাতের কাঠামোয় নির্মিত দোতলা এ বাড়ির ওপরের অংশ বন্যার সময় আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা যায়।
বাংলাদেশের বন্যা ও নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের প্রয়োজন বিবেচনায় তৈরি এ নকশার ‘খুদি বাড়ি’ প্রকল্প আগা খান স্থাপত্য পুরস্কার-২০২৫ এর জন্য মনোনীত হয়েছিল। জলবায়ু ঝুঁকিতে থাকা মানুষের জন্য বিকল্প, সাশ্রয়ী ও দুর্যোগসহনশীল আবাসনের ভাবনাই প্রকল্পটির অন্যতম বৈশিষ্ট্য।

*তরুণদের নেতৃত্বে বহুমুখী কার্যক্রম*
শিক্ষা, যুব নেতৃত্বের বিকাশ, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে সৃজনশীল গাইবান্ধা ফাউন্ডেশন। ২০১৯ সালের ২২ এপ্রিল প্রতিষ্ঠিত এ যুব নেতৃত্বাধীন স্বেচ্ছাসেবী সংগঠনটি তরুণদের দক্ষতা বৃদ্ধি, পাঠাভ্যাস উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা, জেন্ডার সমতা, মানবাধিকার এবং সামাজিক উদ্ভাবনে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। এ ছাড়া চরাঞ্চলের মানুষের জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবেশবান্ধব উদ্যোগ এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা উন্নয়নেও কাজ করছে সংগঠনটি। যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর এবং যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তর (আরজেএসসি) থেকে নিবন্ধিত সংগঠনটি বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে।
তরুণদের নেতৃত্বে একটি অন্তর্ভুক্তিমূলক, মানবিক ও টেকসই সমাজ গড়ে তোলাই সংগঠনটির মূল লক্ষ্য। সিধাই গ্রামে নির্মিত ‘খুদি বাড়ি’ সেই লক্ষ্য বাস্তবায়নে চরাঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর একটি উদ্যোগ। উদ্যোক্তাদের প্রত্যাশা, প্রয়োজনীয় সহযোগিতা ও অর্থায়ন পাওয়া গেলে এ ধরনের বাড়ি আরও নির্মাণের মাধ্যমে বন্যাপ্রবণ এলাকার মানুষের নিরাপদ আশ্রয়ের সুযোগ বাড়ানো সম্ভব হবে।













