রংপুরে সাংবাদিকদের জন্য মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং বিষয়ে প্রশিক্ষণ শুরু
- আপডেট সময় : ০৩:৫২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-র আয়োজনে রংপুর জেলার সাংবাদিকদের জন্য সাংবাদিকতায় মাল্টিমিডিয়া, এআই ও ফ্যাক্ট চেকিং-এর ব্যবহার বিষয়ে তিন দিনের প্রশিক্ষণ শুরু হয়েছে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রংপুর সার্কিট হাউজ মিলনায়তনে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির সিনিয়র রিসার্চ অফিসার গোলাম মুর্শেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি সালেকুজ্জামান সালেক এবং বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান। প্রধান অতিথি তাঁর বক্তব্যে দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার পাশাপাশি পেশাগত দক্ষতার উন্নয়নের উপরে গুরুত্ব আরোপ করেন।
তিনি সাংবাদিকদের ভুল তথ্য এবং অপতথ্য বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।
সাংবাদিকদের মধ্যে ঐক্য, সংহতি এবং পারস্পরিক সহযোগিতা ছাড়া সাংবাদিকতার গুণগত মান উন্নত করা কিছুতেই সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।
বিশেষ অতিথি মাজহারুল মান্নান রংপুরের সাংবাদিকদের দক্ষতা উন্নয়নের জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও পিআইবির উদ্যোগকে স্বাগত জানান।
তিনি বলেন রংপুরে নিয়মিতভাবে সাংবাদিক প্রশিক্ষণ আয়োজিত হলে সাংবাদিকতার মানোন্নয়ন সহজেই দৃশ্যমান হবে। তিনি মোবাইল সাংবাদিক, ফটোসাংবাদিক ও ভিডিও সাংবাদিকদের জন্য বিশেষ প্রশিক্ষণ আয়োজনের অনুরোধ জানান।
সভাপতি তাঁর ভাষণে রংপুরে প্রশিক্ষণ আয়োজনে স্থানীয় সাংবাদিক সমাজের সহযোগিতা ও প্রচেষ্টার প্রশংসা করেন এবং তাঁদের প্রতি পিআইবির পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রশিক্ষণে রংপুরের বিভিন্ন পর্যায়ের মোট ৩৫ জন সাংবাদিক অংশ নিচ্ছেন। প্রশিক্ষণটি আগামী বৃহস্পতিবার শেষ হবে।
















