গোবিন্দগঞ্জে তিন দিনের জেলা ইজতেমা শুরু, মুসল্লিদের ঢল
- আপডেট সময় : ০৯:৩০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬ ২৫ বার পড়া হয়েছে

গাইবান্ধার গোবিন্দগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা ইজতেমা। প্রথম দিনেই জেলা ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজার হাজার মুসল্লির উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে ইজতেমা ময়দান।
শুক্রবার (২০ নভেম্বর) উপজেলার কাঁটা মোড় মাঠে ফজরের নামাজের পর মুফতি শফিউল্লাহ সাফির আমবয়ানের মধ্য দিয়ে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। নামাজ আদায়ের পর মুসল্লিরা আমবয়ানে অংশ নেন এবং ধর্মীয় আলোচনা ও বয়ান শোনেন।
ইজতেমা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবকেরা দায়িত্ব পালন করছেন। মুসল্লিদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে মাঠে মেডিক্যাল টিমের ব্যবস্থাও রাখা হয়েছে।

আয়োজক সূত্রে জানা গেছে, তিন দিনব্যাপী এ জেলা ইজতেমা আগামী ২২ নভেম্বর (রোববার) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম বলেন, ‘কাঁটা মোড় এলাকায় তিন দিনের জেলা ইজতেমাকে কেন্দ্র করে যেন কোনো ধরনের নাশকতা না ঘটে, সে জন্য পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ তৎপর রয়েছে।’


















